আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ (ভেদেরগঞ্জ–ডামুড্যা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব সফিকুর রহমান কিরণ মনোনয়নপত্র দাখিল করেছেন।রোববার ২৮/১২/২০২৫ ইং দুপুরে তিনি ভেদেরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেন,“শরীয়তপুর-২ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে প্রার্থীর প্রতি সমর্থন জানান।স্থানীয় বিএনপি নেতারা জানান, আলহাজ্ব সফিকুর রহমান কিরণ একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে শরীয়তপুর-২ আসনে একজন শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।উল্লেখ্য, শরীয়তপুর-২ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠেছে।
288