শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বে অনিয়মের অভিযোগে চিকিৎসকের বিএমডিসি নিবন্ধন স্থগিতের

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বে অনিয়মের অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে পরে বেসরকারি হাসপাতালে রোগী দেখার অভিযোগে ওই চিকিৎসকের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) অনুরোধ জানানো হয়েছে।মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদারের বিরুদ্ধে সরকারি হাসপাতালে বায়োমেট্রিক হাজিরা দিয়ে পরে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে একটি টেলিভিশন চ্যানেলে বিষয়টি লাইভ সম্প্রচার করা হয়।ঘটনার সময় ওই চিকিৎসক নিজেকে অসুস্থ বলে দাবি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।চিঠিতে উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড সরকারি দায়িত্ব পালনে অনিয়মের শামিল এবং এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।এ পরিস্থিতিতে ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত রাখার জন্য কাউন্সিলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠিটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।— প্রতিবেদন: নিউজ ডেস্ক

মন্তব্য করুন