দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ঐতিহাসিক ও বিপ্লবী চরিত্র অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় তাকে দেখা যাবে নির্মাতা রাশিদ পলাশের নতুন চলচ্চিত্রে।

নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের এপ্রিল মাসে শুরু হবে ছবিটির বাকি অংশের শুটিং। তিনি বলেন, “প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। বাকি শুটিংয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সময় ও পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের এপ্রিলে ক্যামেরা আবার চালু হবে।”
এ প্রসঙ্গে পরীমনি নিজের প্রস্তুতির কথাও জানিয়েছেন। তিনি বলেন,
“এই চরিত্রটি আমার জন্য শুধু একটি অভিনয় নয়, বরং দায়িত্ব। প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো একজন সাহসী, আত্মত্যাগী নারীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া গর্বের। আমি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছি।”
ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামে আত্মোৎসর্গকারী প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে পরীমনির ফিরে আসা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এই চরিত্রের মাধ্যমে পরীমনি তার অভিনয় জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

এখন দেখার বিষয়, পর্দায় অগ্নিকন্যা প্রীতিলতাকে পরীমনি কতটা শক্তিশালী ও প্রভাবশালীভাবে উপস্থাপন করতে পারেন।